২০০৩ সালের ২৬ মে আগে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে চট্টগ্রামে তিন সহোদরকে নৃশংসভাবে হত্যা করা হয়।ওই হত্যাকান্ডের মামলার আসামীকে ২০ বছর পর গ্রেফতার করেছে র্যাব।
২০ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আবুল কালাম চৌধুরীকে (৭০) গ্রেফতার করা হয়। তিনি হাটহাজারী থানাধীন চারিয়া কাজী পাড়ার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে।
র্যাব জানিয়েছে, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত তিন সহোদর আবুল বশর, বাদশাহ ও কাশেম এর সঙ্গে আবুল কালাম চৌধুরীর দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ চলে আসছিল।
সেই সূত্র ধরে ২০০৩ সালের ২৬ মে সকাল ১১টার দিকে দোকানে চা খাওয়া অবস্থায় আবুল কালাম চৌধুরী ও তার সহযোগীরা কিরিচ- দা দিয়ে কুপিয়ে এবং গুলি করে চারিয়া কাজীপাড়ায় ওই তিন সহোদরকে নৃশংসভাবে হত্যা করে।
নিহতদের ভাই কাজী মফজল মাস্টার বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন।মামলায় আবুল কালাম চৌধুরীসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।পরবর্তীতে আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামি আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো.নুরুল আবছার জানান, দীর্ঘ ২০ বছর ধরে পলাতক তিন খুনের মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম চৌধুরী গ্রেফতার এড়াতে নগরের চান্দগাঁওয়ে একটি ভাড়া বাসায় আত্মগোপনে থাকার গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৭ এপ্রিল) দুপুর একটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited